রাজশাহীতে অপহরণের ১২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ২২ জুন ২০২৪, ০২:৫৩ পিএম

রাজশাহীতে অপহরণের ১২দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় অপহরণকারী যুবক শিহাবুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। শিহাবুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ জুন) দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

ঘটনার বিবরণে র‌্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর সাথে বন্ধুত্বের সম্পর্কের এক পর্যায়ে অবৈধ প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল গ্রেপ্তারকৃত শিহাবুল। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীকে নগরীর সাগরপাড়া মোড় থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে। 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলার প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি দল অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। শুক্রবার দিনগত রাতে নগরীর বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকা থেকে আসামি শিহাবুলকে গ্রেপ্তার ও ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার যুবককে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত