বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা ভারতের রাষ্ট্রপতির

আপডেট : ২২ জুন ২০২৪, ১০:৪২ পিএম

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ভারতের রাষ্ট্রপতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন খাতে প্রবেশ করছে। ভারতের রাষ্ট্রপতি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, এটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মাত্র কয়েকদিন পর তার সাথে আবার দেখা হওয়াতে তিনি আনন্দিত। এই নিয়মিত যোগাযোগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের শুরু হওয়া বন্ধুত্ব ও সহযোগিতার স্থায়ী চেতনার প্রতিফলন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং সংযোগসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর জন্য একসাথে কাজ করতে সম্মত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত