শেখ হাসিনাকে ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’ বললেন ওবায়দুল কাদের

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’ হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আজকে বলি, তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স।

আজ রবিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনাসভার সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি। শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। একটি দল অন্তরজ্বালায় জ্বলছে। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। পূর্ণিমা রাতে অমাবস্যার অন্ধকার দেখে। এরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু। তারা আমাদের দেশে স্বৈরশাসন কায়েম করেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছিল। ১৫ ও ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারা। সেই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, যারা স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন সকলের কাছে আহ্বান, আমাদের ভুলত্রুটি নেই এটি বলব না। তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। আসুন, সকলে মিলে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করি।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সবচেয়ে কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। বিশ্বব্যাংক বাংলাদেশকে চোর অপবাদ দিয়ে সরে গিয়েছিল। সেদিন বঙ্গবন্ধু কন্যা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজের টাকায় পদ্মা সেতু করব। তিনি প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি, আমরাও পারি। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, সাহসের প্রতীক।

আলোচনাসভার মঞ্চে উপস্থিত র‌য়ে‌ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রুমি, এ এইচ এম খায়রুজাজামান লিটন, সৈয়দা জেবু‌ন্নেছা হক।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জুবিলির এই আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে, ‘গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম, সংকল্প, সততা, শপ‌থে জনগ‌ণের সা‌থে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত