আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মানিকগঞ্জের সিংগাইরে চুরি হয়েছে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর মোবাইল ফোন। এতে বিভিন্ন জরুরি বিষয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। গতকাল সোমবার দুপুরে সিংগাইর থানায় এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ রিপোর্টটি লেখা পর্যন্ত তার মোবাইল ফোনটি উদ্ধার হয়নি।
গত রবিবার রাত ৮টার দিকে সিংগাইরে আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী ৭৫তম জন্মবার্ষিকী ও প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সন্ধ্যার পর কেক কাটার অনুষ্ঠানে আনন্দ-উল্লাসের সময় মঞ্চের টেবিলে রাখা তার মোবাইল ফোন চুরি হয়। অনুষ্ঠান চলাকালে মোবাইলটি সচল থাকলেও পরে বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে এমপির সহকারী দেওয়ান মাহাবুব হোসেন বলেন, অনুষ্ঠান চলাকালে কেক কাটার আগেই সম্ভবত তার অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়েছে। এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, এই মুহূর্তে আমি ঢাকায় অবস্থান করছি। কিছুই বলতে পারছি না।
