রুশ সেনাপ্রধান ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮:২২ পিএম

ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জেরাসিমোভ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার (২৫ জুন) এক বিবৃতিতে এই পরোয়ানার কথা জানান আদালত। খবর দ্য গার্ডিয়ানের।

বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের ১০ অক্টোবর থেকে অন্তত ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুজনকে দায়ী করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছেন বিচারকেরা।

সের্গেই শোইগু ও ভ্যালেরি জেরাসিমোভসহ এ নিয়ে রাশিয়ার মোট আট জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত।

এদিকে, আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রেই ইয়ারমাক বলেছেন, শোইগু এবং গেরাসিমভকে 'ব্যক্তিগতভাবে দায়ী' করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অবকাঠামোকে তারা কখনোই লক্ষ্যবস্তু করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত