ডাক বিভাগের কর্মীরা ৫১ কোটি টাকা লোপাট করেছেন, জানালেন পলক

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৩:৪১ পিএম

ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার গুলশানে একটি হোটেলে এটুআই (এস্পায়ার টু ইনোভেট) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, শুধু রাজশাহীর তানোরের পারুল বেগমের ২ লাখ টাকা আত্মসাৎই নয়, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা। এ রকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে। টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন পারুল বেগম।


 
ওই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কি না তা জানতে তানোর'সহ দেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এতে শুধু তানোরেই আরও ৫১ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এরপর অনিয়ম বন্ধ এবং বছরে ডাক বিভাগের ৭০০ কোটি টাকা লোকসান এড়াতে গাড়ি-জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাতে ২০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত