ফাইনালে না হলেও সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। তাতেই গত বছরের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের হারের বদলা হয়েছে বলে মনে করেন দেশটির ক্রিকেট ভক্তরা। তাদের সামনে এবার সেমিফাইনাল। প্রতিপক্ষ সেই ইংল্যান্ড। যাদের কাছে গত আসরে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছিল রোহিত শর্মার দল।
বৃহস্পতিবার গায়ানায় ঠিক হয়ে যাবে, দু’বছর আগের অ্যাডিলেডের সেই হারের শোধ ভারত তুলতে পারবে কি না। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, সেমিফাইনালে প্রতিপক্ষ কে, সেটা নিয়ে ভাবছেন না তারা। ভারত নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে উঠে রোহিত বলেছেন, ‘আমরা আলাদা কিছু করতে চাইছি না। যে ক্রিকেট খেলছি সেটাই খেলে যাব। কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই। সবাইকে বলেছি, খোলা মনে খেলতে। চাপ না নিতে। এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হব।’
বিশ্বকাপের প্রথম পর্বে পেস আক্রমণই ছিল ভারতের প্রধান অস্ত্র। নিউ ইয়র্কে সুবিধে পাচ্ছিলেন পেসাররা। কিন্তু সুপার আট পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন স্পিনাররা। বিশেষ করে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
রোহিত বলেছেন, ‘এখানকার পিচে যে কুলদীপ ভাল বল করবে তা জানতাম। ওয়েস্ট ইন্ডিজের পিচে কুলদীপকে দরকার। আমি নিশ্চিত, পরের ম্যাচগুলোতেও ওর বড় ভূমিকা থাকবে।’
