‘হাতে দুটি পিস্তল দিয়ে ভিডিও করে ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়’

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:০৮ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহাদাত হোসেন (৩৬) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে এক হাত ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলী লঞ্চঘাট এলাকায় মারধর করে তাকে ফেলে রেখে যায়।

আহত শাহাদাত হোসেন ওই ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মৃত আবদুল মজিদ সৈয়ালের ছেলে। তাকে আহত অবস্থায় স্বজনরা প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়িতে শুয়ে ছিলেন শাহাদাত হোসেন। এ সময় একই একই ইউনিয়নের জামালপুর গ্রামের নয়ন, রিপন, পিয়াস সহ ১৫ থেকে ২০ জন অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে ইঞ্জিন চালিত ট্রলারে করে  তুলে নিয়ে যায় বেলতলী। সেখানে নিয়ে রড দিয়ে পিটিয়ে তার এক হাত ও এক পা ভেঙে দিয়ে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

আহত শাহাদাত হোসেন বলেন, ‘সন্ধায় আমি বাড়িতে ছিলাম, জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে পিয়াস, তোফায়েল হোসেনের ছেলে শ্রাবণ ও খালেক মিয়ার ছেলে জামানসহ পাঁচজন আমাকে তুলে নিয়ে যায় বেলতলী এলাকায়। সেখানে নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে তারা। এ সময় ওদুদ নামে এক সন্ত্রাসী আমাকে পিস্তল ঠেকিয়ে বলে আমার ছোট ভাই উজ্জ্বলকে আমি তাদের হাতে তুলে দিতাম। তাহলে তারা আমাকে ছেড়ে দেবে। তারা আমার হাতে দুটি পিস্তল দিয়ে ভিডিও করে স্বীকারোক্তি নেয় এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় যে আমি তাদের এখানে ডাকাতি করতে এসেছি।’

আহত শাহাদাত হোসেনের ভাই উজ্জ্বল সৈয়াল বলেন, তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। চিকিৎসকেরা জানিয়েছেন, তার এক হাত ও এক পা ভেঙে গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খাঁন বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চিহ্নিত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত