এমপি শাহরিয়ারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি মুক্তিযোদ্ধাদের

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:১৩ পিএম

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা। বাঘার আওয়ামী লীগ নেতা বাবুল হত্যাকাণ্ডের পর মেয়র লিটনকে এর মদদদাতা হিসেবে উল্লেখ করায় শাহরিয়ার আলমের বহিস্কার দাবি করেন তারা। সেই সাথে বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।

মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী হিসেবে শাহরিয়ার আলম এমপিকে দায়ি করে আজ শনিবার (২৯ জুন) সকালে সাহেববাজারে মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ’ ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান।

বক্তারা বলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমী ও  নিবেদিত প্রাণ নেতা ছিলেন। বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু হয় আওয়ামী লীগ নেতা বাবুলের। এর মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলম এমপি। তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর সন্তান এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র। তার বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে শাহরিয়ার আলম এমপি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এদিকে, গত দুদিন ধরে রাজশাহী পবা ও মোহনপুর উপজেলাতে শাহরিয়ার আলমের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত