জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে আজ রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ৮ মে হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ মাহমুদুল আলম বাবুকে কেন জামিন দেওয়া হবে না, এ প্রশ্নে রুল দেন। এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে এ রায় হলো।
সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য মতে, এ মামলায় বাবুকে গত বছরের ১৮ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে ২০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশের ওপর ২০ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে রাষ্ট্রপক্ষকে জামিনের বিরুদ্ধে আপিল করতে আদেশ দেন চেম্বার আদালত।
চলতি বছরের ২৪ জানুয়ারি সেই আপিল নিস্পত্তি করে জামিনের ওপর স্থগিতাদেশ থাকবে বলে সিদ্ধান্ত দেন আপিল বিভাগ। এর ধারাবাকিতায় জামিন পেতে আবারও হাইকোর্টে আবেদন করেন আসামি। আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জগলুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কি না- এমন প্রশ্নে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের এই আদেশটি অবহিত করে অ্যাটর্নি জেনারেলকে নোট দেওয়া হয়েছে। এরপরের সিদ্ধান্ত তিনিই নেবেন।’
আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু জেলার বকশীগঞ্জ উপজেলার চার নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (পরে বরখাস্ত) ছিলেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ২০২৩ এর ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটুয়েন্টিফোর.ডটকম’র সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যার এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ১৭ জুন বকশীগঞ্জ থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন।
পারমাণবিক ক্ষেত্রে বুরকিনা ফাসোকে সহায়তা করবে রসাটম
ইসরায়েলিদের দাবি সত্ত্বেও যুদ্ধবিরতিতে সম্মতি নেই নেতানিয়াহুর