স্প্যানিশ কোচে সুদিনের খোঁজ আবাহনীর

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:০১ এএম

ইরানি কোচ, পর্তুগিজ কোচে হয়নি। হয়নি পরীক্ষিত আর্জেন্টাইন কোচ এনেও। এবার তাই সুদিন ফেরাতে আবাহনী দৃষ্টি দিয়েছে স্প্যানিশ কোচের দিকে। ভারত জায়ান্ট ইস্ট বেঙ্গল এবং ব্রুনাই জাতীয় দলের সাবেক বস মারিও রিভেরা ক্যাম্পাসিনোকে এবার দেখা যাবে ছয়বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনীর ডাগআউটে।

৪৬ বছর বয়সী এই কোচকে চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনী ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও ফুটবল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। দলের খোলনলচে পাল্টে তিনি চাইছেন আবাহনীকে ফের চ্যাম্পিয়নরূপে ফিরিয়ে আনতে। দলটি যে শেষ পাঁচটি লিগের শিরোপা ঘরে তুলতে পারেনি। চেয়ে চেয়ে দেখতে হয়েছে বসুন্ধরা কিংসের বিস্ফোরণ। আবির্ভাবে যারা আবাহনীর শ্রেষ্ঠত্ব ক্ষুন্ন করে বসেছে সেরার আসনে। শেষ দুটি মৌসুমে আবাহনীর অবস্থা বেশ খারাপ। লিগ শিরোপা দূরে থাক, জোটেনি কোনো ঘরোয়া শিরোপা। তাই বাধ্য হয়েই ব্যাপক পরিবর্তনের পথে হাঁটতে হচ্ছে ধানমন্ডির জায়ান্টদের।

৪৬ বছর বয়সী রিভেরা স্থলাভিষিক্ত হচ্ছেন আর্জেন্টাইন অভিজ্ঞ কোচ ডিয়াগো ক্রুসিয়ানির। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচের অধীনে সর্বশেষ মৌসুমে লিগে আবাহনী হয়েছে তৃতীয়। এ ছাড়া পারেনি কোনো টুর্নামেন্টের ফাইনালে যেতে। যে কারণে মাদ্রিদে জন্ম নেওয়া উয়েফা প্রো-লাইসেন্সধারী রিভেরায় আস্থা রেখেছে আবাহনী। সর্বশেষ ব্রুনাই জাতীয় দলকে কোচিং করানো রিভেরা অবশ্য খুব বেশি সফল হতে পারেননি। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছর ৭ জুন পর্যন্ত তার অধীনে ব্রুনাই খেলেছে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ। যার মধ্যে জিতেছে কেবল ৩ ম্যাচে। বাদ বাকি ১১ ম্যাচেই হারতে হয়েছে। এর আগে দুই প্রস্থে ইস্ট বেঙ্গলের ডাগআউট সামলানো রিভেরা প্রসঙ্গে কাজী নাবিল দেশ রূপান্তরকে বলেন, ‘তার সঙ্গে চুক্তির কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে; যা অতিদ্রুত শেষ হয়ে যাবে। তাকেই আমরা কোচ হিসেবে চূড়ান্ত করেছি। আশা করছি তার অধীনে আমরা ফের সাফল্য পেতে শুরু করব।’

সাফল্য পাওয়ার এই তীব্র আকাক্সক্ষা থেকেই আবাহনীর কর্তারা এবার খেলোয়াড় সংগ্রহেও বেশ উদ্যোগী।  তাদের লক্ষ্যে ছিল গত মৌসুমে স্থানীয়দের মধ্যে সেরা পারফরমার রাকিব হোসেন। এই উইঙ্গার দুই মৌসুম আগে খেলেছেন আবাহনীর হয়ে। তার দিকেই দৃষ্টি ছিল। প্রস্তাবও দেওয়া হয়েছিল রাকিবকে। তবে শেষ পর্যন্ত কিংসেই থেকে গেছেন রাকিব। কিংসের ঘরে হানা দেওয়া সম্ভব হয়নি বলে আবাহনী এবার ভেঙেছে মোহামেডানের ঘর। গেল মৌসুমে সব প্রতিযোগিতাতেই আবাহনীকে ছাপিয়ে গিয়েছিল মোহামেডান। আবাহনী তাই সাদা-কালো শিবিরের সেরাদের দলে নিয়েছে। শাহরিয়ার ইমন, জাফর ইকবাল, হাসান মুরাদ ও কামরুল হাসানদের নেওয়ার পাশাপাশি শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে তারা নিয়েছে জাতীয় দলের এক নম্বর গোলকিপার মিতুল মারমাকে। এখন আবাহনীর কর্তারা ব্যস্ত উঁচু মানের বিদেশি কোচ সংগ্রহে। ইতিমধ্যে তারা ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়েল আগুস্তোকে ফেরানো নিশ্চিত করেছে। নাবিল বললেন, ‘রাফায়েলকেই কেবল নিশ্চিত করা হয়েছে। এর বাইরে বেশ কজনের সঙ্গে কথা চলছে। আশা করছি, শিগগিরই সবাইকে চূড়ান্ত করতে পারব।’  সেই সঙ্গে খেলোয়াড়দের সুযোগ-সুবিধার দিকেও নজর দিচ্ছেন তারা। আবাহনীর অনুশীলন মাঠকেই ভবিষ্যতের ভেন্যু করার একটা ইঙ্গিত দেন নাবিল।

২০১৭-১৮ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জিতেছিল আবাহনী। সেটি ছিল তাদের ষষ্ঠ শিরোপা। দেশের ফুটবল পেশাদার যুগে পা রাখার পর তারাই এখন পর্যন্ত সবচেয়ে সফল দল। তবে আসছে মৌসুমে আবাহনীকে ছুয়ে ফেলার সুযোগ আছে কিংসের। আবির্ভাবের পর টানা পাঁচ লিগ শিরোপা জিতে ইতিহাস গড়া কিংস জোর চেষ্টা চালাবে আবাহনীর আরেকটি শ্রেষ্ঠত্বে ভাগ বসাতে। নয়া স্প্যানিশ কোচের অধীনে আবাহনী নিশ্চয় সেটা হতে দিতে চাইবে না। তাই তো ধানমন্ডি শিবিরে লেগেছে বদলের হাওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত