কোটা পুনর্বহালের বিরুদ্ধে ফের উত্তাল ঢাবি

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৪:৩৩ পিএম

আল্টিমেটাম শেষে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন, মলচত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। ‘কোটা না মেধা?’ ‘মেধা মেধা, হাইকোর্টের রায় মানি না মানব না’, ‘কোটা বাতিল কর, বাতিল কর’, ‘ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ’ ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এমন স্লোগান দেন তারা।

ছবি: দেশ রূপান্তর

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ কোটা পাওয়া পরিবারগুলোকে আমরা কিভাবে বলতে পারি পিছিয়ে পড়া? তারা ২০ হাজার টাকা শুধু সম্মানিই পায় আর অনেক প্রান্তিক পরিবার ২০ হাজার টাকায় পুরো মাস চলে। সেখানে কোটা দেওয়া কতটা যৌক্তিক? সুবিধাপ্রাপ্তরাই কেবল সুবিধা পাবে এই কোটা প্রথায়।

শিক্ষার্থীরা আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বলেই আমরা জানি। সরকার মুক্তিযোদ্ধাদের দুঃখ ঘুচিয়ে দিয়েছে, তারপরেও কোন যুক্তিতে তাদের ৩০ শতাংশ কোটা দিতে হবে? আমরা মুক্তিযুদ্ধ কিংবা বীর মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না কিন্তু ৩০ শতাংশ কোটা বরাদ্দ করা বাড়াবাড়ি। আমাদের দাবি ২০১৮ সালের পরিপত্র বহাল রাখতে হবে এবং পরবর্তীতে সেটি সংস্কার করে ১০ শতাংশে নিয়ে আসতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটি। এরপর আবারো ক্যাম্পাসগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ৩০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিলেও দাবি পূরণ না হওয়ায় ফের আজ থেকে  মাঠে নেমেছে তারা। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত