মিয়ানমার

চালের দাম বাড়িয়ে জাপানি নাগরিকসহ গ্রেপ্তার ১১

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:১৮ পিএম

মিয়ানমারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রির দায়ে জাপানের এক নির্বাহীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জান্তা। গ্রেপ্তারদের মধ্যে চাল ব্যবসায়ী, মিলার ও খুচরা বিক্রেতা রয়েছে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে দেশটি গভীর অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে। এমন সময় নির্ধারিত মূল্যের চেয়ে ৭০ শতাংশ বেশি দামে চাল বিক্রি হচ্ছিল।

গ্রেপ্তারদের মধ্যে একজন জাপানি নাগরিক হিরোশি কাসামাতসু। তাকে গ্রেপ্তারের ফলে টোকিওর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে নেপিদোর। তিনি একটি সুপারমার্কেটের অপারেটর। চালকল ও সুপারমার্কেটে তদন্তের পর তাকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে কাসামাতসু ও মিয়ানমারের তিন নাগরিককে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে’ মূল্যবৃদ্ধির জন্য সন্দেহ করা হচ্ছে।

চাল ব্যবসায়ীরা বলছেন, সরকারি বিনিময় হারের সঙ্গে কালোবাজারের দরের অসামঞ্জস্যতা বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, কয়েক বছর ধরে চলা সংঘাতে দেশটিতে ধান রোপণ, ফসল কাটা ও পরিবহনে ব্যাঘাত ঘটেছে। তবে ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক মাসগুলোয় পণ্যের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। তাদের দাবি, সরকারি অনুমোদিত দামে চাল বিক্রি করলে তাদের লোকসান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত