বেনজীর-মতিউর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিস

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া সদস্য মো. মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (০২ জুলাই) দুদক সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

খোরশেদা ইয়াসমীন বলেন, জব্দ হওয়া সম্পদের বাইরে দুই পরিবারের সদস্যদের আর কোনো সম্পদ আছে কিনা তা জানতে নোটিস জারি হয়েছে।

এর আগে ৩০ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে চিঠি দেয় দুদক।

দুদক সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তাদের নামে ও বেনামে দেশে-বিদেশে আরও সম্পদ থাকার তথ্য রয়েছে। তাই আইন অনুযায়ী পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করেছে দুদক। নোটিসে সম্পদের হিসাব জমা দিতে ২১ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

সংস্থাটি এখন পর্যন্ত বেনজীর ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিসিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। বেনজীর আহমেদ ৪ মে সপরিবার দেশ ছাড়েন।

অপরদিকে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ঈপ্সিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারের সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারির কথা জানান খোরশেদা ইয়াসমীন।

মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর ও নাটোরে মোট ২৫ দশমিক ৭০ বিঘা জমি রয়েছে। আর ঢাকায় তার নামে ফ্ল্যাট রয়েছে অন্তত ৪টি।

২০২৩-২৪ করবর্ষের আয়কর বিবরণীতে লায়লা কানিজ তার মোট সম্পদ দেখিয়েছেন ১০ কোটি ৩০ লাখ ৫১ হাজার টাকা। মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাব ও শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করা হয়েছে। ২৪ জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত