রাজশাহীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সিএনজিচালিত রিকশায় ফেরার পথে একটি ধান বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার রাত ১টার দিকে জেলার চারঘাট-বানেশ্বর সড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষকের নাম হাবিবুর রহমান। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামীনিগঙ্গারামপুর গ্রামের কাসেম প্রামাণিকের ছেলে। পার্শ্ববর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি।
ঘটনাসূত্রে জানা যায়, নিহত হাবিবুর ও তার স্ত্রী সোমবার বিকেলে রাজশাহী শহরে চিকিৎসা করাতে যান। চিকিৎসা শেষে গভীর রাতে তারা সিএনজিচালিত রিকশায় করে রাজশাহী থেকে চারঘাট-বানেশ্বর সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। তারা মোক্তারপুর ট্রাফিক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝায় ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১২৮৮) তাদের সিএনজিচালিত রিকশাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান স্কুল শিক্ষক হাবিবুর রহমান। গুরুতর আহত হন তার স্ত্রী শিরিন সুলতানা। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিরিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে পরে রামেক হাসপাতালে পাঠানো হয়।
চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় নিহত হাবিবুর রহমানের ছেলে কাইনাথ হাবিব লামিম বাদী হয়ে মঙ্গলবার নিয়মিত মামলা দায়ের করেছেন। এতে আটক ট্রাকচালক শাজাহান আলীকে একমাত্র আসামি করা হয়েছে।
