যুক্তরাজ্যের নির্বাচন: প্রথমবার ভোট দিচ্ছেন ৩৫ লাখ অভিবাসী

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

আগামীকাল ৪ জুলাই পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে যুক্তরাজ্যে; আর এবারের নির্বাচনেই প্রথমবারের মতো ভোট দেবেন প্রায় ৩৫ লাখ অভিবাসী। ভোটে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিবাসীরা। এবারের নির্বাচনে বিরোধী দল লেবার পার্টি ভূমিধস জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ দলের শাসনের অবসান হতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়, কমনওয়েলথভুক্ত দেশগুলো মূলত–নাইজেরিয়া, ভারত ও মালয়েশিয়ার মতো ব্রিটিশ সাম্রাজ্যের সাবেক ভূখণ্ডের– শরণার্থী ও অভিবাসীরা আগামীকালের ভোটদানে যোগ্য।  

গত বছর মালয়েশিয়া থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে গিয়েছেন তেহ ওয়েন সুন। ৩৩ বছর বয়সী এই নারী থাকেন ইংল্যান্ডের স্যালফোর্ড শহরে। তিনিও ভোট দেবেন। রয়টার্সকে তিনি জানান, নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির মধ্যে তেমন কোনো পার্থক্য তিনি দেখতে পান না। তবে যে দল অভিবাসীদের প্রতি সহনশীল এবং উদার, সেই দলের প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বস্তুত, গত বেশ কয়েক বছর ধরে যুক্তরাজ্যের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অভিবাসী ইস্যুটি। কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীদের স্রোত ঠেকাতে কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে ২০১০ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি। তারপর ১৪ বছর পেরিয়ে গেলেও এক্ষেত্রে দলটির উল্লেখযোগ্য কোনো সফলতা নেই।

বিভিন্ন বেসরকারি জরিপ বলছে, এবারের নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে ১৫ বছর পর ফের ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত