তলা ফেটে জাহাজ ডুবি, ৯৯৯-এ ফোন করে বাঁচলেন মাস্টারসহ ১০ ক্রু

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৬:২১ পিএম

তলা ফেটে ‘এমভি প্রিন্স অব বৈশাখালী’ জিপসামবাহী একটি জাহাজ (কার্গো জাহাজ ) মেঘনা নদীতে ডুবে গেছে। এ সময় ৯৯৯-এ ফোন করলে কার্গোর মাস্টারসহ ১০ ক্রুকে উদ্ধার করে নৌপুলিশ। বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক।  

তিনি জানান, গত ২৮ জুন পায়রা বন্দর থেকে ৯০০ টন জিপসাম নিয়ে ‘এমভি প্রিন্স অব বৈশাখালী’ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। পরে ২ জুলাই কার্গোটি মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এসে নোঙর করে। পরে বুধবার সকালে অন্যান্য কার্গোর সঙ্গে ওই জাহাজটি আবার যাত্রা করে। এ সময় পথে কিছু একটার সঙ্গে কার্গোটির সামনের অংশের তলদেশে ধাক্কা লাগে। এতে কার্গোর ভেতরে পানি ঢুকে ধীরে ধীরে ডুবতে থাকলে নাবিকরা দ্রুত সেটিকে পার্শ্ববর্তী চরের উদ্দেশ্যে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই কার্গোটি মেঘনায় ডুবে যায়। এদিকে জাহাজে থাকা নাবিকরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। সেখান থেকে খবর পেয়ে কার্গোর নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, কার্গো জাহাজটির তলদেশে কিসের সঙ্গে ধাক্কা লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই জায়গায় এর আগে আরেকটি পণ্যবাহী জাহাজ এমভি প্রিমিয়াম-৫ ডুবির ঘটনা ঘটেছিল।

কার্গো থেকে উদ্ধার করা হয়েছে, মাস্টার মো. নোমান, চালক মো. রেজাউল করিম, গ্রিজার মো. ফয়সাল, লস্কর রাজিব, রিফাত শেখ, রাহাত, ইয়াসিন হাওলাদার, সুকানী কবির, আলমগীর ও এনায়েত হোসেন সরদার।

কার্গোর মাস্টার নোমান জানান, তারা বর্তমানে উলানিয়া লঞ্চঘাট এলাকায় নৌ-পুলিশের হেফাজতে রয়েছেন। কার্গো মালিককে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত