ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে রিজওয়ান- অভিযোগ শেহজাদের

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম

বাজে পারফর্মেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় এমনিতেই বিপাকে আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তার ওপর নতুন বিতর্ক তৈরি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের একটি ভিডিও ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে রিজওয়ান নিজেকে ‘ইসলামের দূত’ হিসেবে উপস্থাপন করেছেন, যার সমালোচনা করলেন সাবেক পাকিস্তান ওপেনার আহমেদ শেহজাদ।

সম্প্রতি রিজওয়ানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে পাকিস্তান ওপেনার বলেছেন, “আমি মনে করি প্রতিটি মানুষই দুটি বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তিনি যদি একজন মুসলিম হন, তাহলে বিশ্বের যেখানেই যান সেখানেই ইসলামের প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয়ত, তিনি পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেন। লোকে কী বলে সেসব আমরা পাত্তা দেই না।”

রিজওয়ানের এই বক্তব্য কবেকার- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে রিজওয়ানের বক্তব্যের কড়া সমালোচনা করে টুইটারে শেহজাদ লিখেছেন, “এটা দুঃখজনক যে, কিছু ক্রিকেটার তাদের বাজে পারফর্মেন্স ঢাকতে অপ্রয়োজনীয় সংবাদ সম্মেলন করে এবং ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। যখন তারা ফিটনেস নিয়ে মিথ্যা তথ্য দেয়, যখন তারা মাঠে (ইনজুরির) অভিনয়ের কথা স্বীকার করে, তখন তাদের ধর্ম কোথায় থাকে? ধর্ম কি আপনাকে অন্যকে প্রতারিত করতে আর মাঠে মিথ্যা বলতে শেখায়?”

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ রিজওয়ানের জন্য ভুলে যাওয়ার মতো আসর ছিল। চার ইনিংসে তিনি করেছেন ‌‌৩৬.৬৬ গড়ে ১১০ রান। স্ট্রাইকরেটের অবস্থাও করুণ- ৯০.৯০। একমাত্র ফিফটি কানাডার বিপক্ষে। শেহজাদ আরও লিখেছেন, “মাঠে পারফর্ম করার জন্য আপনাকে টাকা দেওয়া হয়। এর পরিবর্তে আপনি দলে গ্রুপিংয়ে জড়ান! ধর্ম আমাদের শিক্ষা দেয় সঠিকভাবে দায়িত্ব পালন করার এবং নিজেদের ভোগান্তি নিয়ে মিথ্যা না বলার।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত