চট্টগ্রাম নগরে সাততলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে জাহরা (২৪) নামে এক শিল্পপতির মেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৩ জুলাই) রাত ২টার দিকে খুলশী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃত জাহরা (২৪) তার বাবা-মায়ের সঙ্গে খুলশী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে সানম্যার পার্কভিউ ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন। তিনি দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ রি- রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের পরিচালক (অর্থ) জোহায়ের তাহের আলীর মেয়ে। জাহরা কানাডায় পড়াশোনা শেষে সম্প্রতি দেশে ফেরেন।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত আলী বলেন, ‘বুধবার দিবাগত রাত ২টার দিকে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর লাশ উদ্ধার করি।’
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাততলা ভবনের ছাদে উঠে ওই মেয়ে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। মৃত জাহরা বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জাহরার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফ্লাই করলেই লোকসান