স্বাস্থ্যমন্ত্রী বললেন

জেলা-উপজেলায় চিকিৎসা পেলে কেউ ঢাকায় আসবে না

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৬:০৪ এএম

ঢাকার বাইরে ভালো চিকিৎসা পেলে রোগীরা চিকিৎসার জন্য ঢাকা শহরে ভিড় করবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করতে তিনি সপ্তাহে সোম ও মঙ্গলবার ঢাকায় থেকে বাকি দিনগুলো সারা দেশের হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি’ শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছি আমি, শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকা থাকব, বাকি কদিন সারা দেশের চিকিৎসাব্যবস্থা পরিদর্শন করব। যদি উপজেলা, জেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলো উন্নত করা যায়, রোগীরা যদি ওখানে যথাযথ চিকিৎসা পায়, তাহলে ঢাকা শহরে রোগীদের ভিড় হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যাতে উপকার হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আইসিডিডিআর,বি তার জ¦লন্ত প্রমাণ। তারা প্রশংসনীয়ভাবে গ্রামগঞ্জে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত