চট্টগ্রামে ‘বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২১ বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২১ বি ব্যাচের ৫৭ জন মিডশিপম্যান এবং ২০২৪এ ব্যাচের ১২ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৬৯ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। উল্লেখ্য, তাদের মধ্যে নয়জন মহিলা মিডশিপম্যান এবং একজন মহিলা ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। মিডশিপম্যান ২০২১ বি ব্যাচের মিডশিপম্যান মুনকাসীর আবেদীন আলভী, (এক্স), বিএন সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। এ ছাড়া মিডশিপম্যান মো. তাওসিফ উল হক, (ই), বিএন প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪এ ব্যাচের অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মোনাজাত-ই জান্নাত, (ই), বিএন সর্বোচ্চ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তারা, ভারতীয় প্রতিনিধি দল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আইএসপিআর
