গত কাতার বিশ্বকাপেই প্রমাণ করে দিয়েছিলেন, কেন তিনি আর্জেন্টিনা দলের গোলকিপার হিসেবে প্রথম পছন্দের দাবিদার। পেয়েছিলেন ‘বাজপাখি’ উপাধি। সেই বাজপাখির সৌজন্যেই ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসিদের উল্লাস আর ইকুয়েডরের কান্নায় এক আবেগঘন মুহূর্তের তৈরি হয়, যা রাঙিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ।
ইকুয়েডর ফরোয়ার্ড কেভিন রদ্রিগেজের শেষ মুহূর্তের গোলে শুক্রবারের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল। টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম শট মিস করেন লিওনেল মেসি। এরপর গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়ান মার্তিনেজ। প্রতিপক্ষের প্রথম দুই শট ঠেকিয়ে সমর্থকদের উল্লাসে ভাসায়। দলকে এনে দেন ৪-২ গোলের জয়। সেমিফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে আর্জেন্টিনা দল। অন্যদিকে ইকুয়েডরের খেলোয়াড়েরা হতাশায় মুষড়ে পড়েন।
কোপা থেকে বিদায় নিশ্চিত হওয়া ইকুয়েডরের অনেকের চোখেই দেখা দেয় অশ্রু। কেউ কেউ মাঠে বসে পড়েছিলেন। তাদের যেন ওঠার ক্ষমতাও ছিল না। এমন সময় দেখা যায়, আর্জেন্টিনার উল্লাসের মঞ্চ ছেড়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন এমি মার্তিনেজ। ইকুয়েডর ফুটবলারদের কাছে গিয়ে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। ‘দিবু’র এই মহানুভবতায় মুগ্ধ হয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও।
দেখুন সেই মুহূর্তের ভিডিও:
পেনাল্টি মিস করে ভীষণ রাগ হয়েছিল মেসির
অনুশীলনে ৫০০ শট ঠেকান আর্জেন্টিনার ‘বাজপাখি’