কলাক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০১:২৬ পিএম

ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়া চেয়ারম্যানের সঙ্গে থাকা জসিম নামের একটি ছেলে সকাল ৮টার দিকে চেয়ারম্যানের জন্য বাজারে নাস্তা আনতে বের হলে কলাক্ষেতে মরদেহটি প্রথমে তিনি দেখতে পান। পরে তিনি স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানালে চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ আরো জানায়, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মরদেহের পাশে ছোট্ট একটি চাকু পাওয়া গেছে। 

সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নিপু বলেন, আমি আমার এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের চৌকিদার দিয়ে খবর নিয়েছি কিন্তু মরদেহটিকে আমার এলাকার কেউ শনাক্ত করতে পারেনি। তাছাড়া পাশেই পিরোজপুরের কাউখালি উপজেলার সীমানা ওই উপজেলার লোকজন মরদেহটিকে দেখেছে তারাও এই অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। আমরা এই মরদেহটির পরিচয় নিশ্চিত করার জন্য স্থানীয় গণমাধ্যম ও ফেসবুকে ছবিসহ প্রচার করছি।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমরা আশেপাশের বিভিন্ন থানায় এ মরদেহটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি। ময়না তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত