কোটা বাতিলের দাবিতে জাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধের ঘোষণা

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৫:৪৯ পিএম

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসংযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। 

আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিভিন্ন হলে যান এবং শিক্ষার্থীদের আন্দোলনে আসার আহ্বান করেন। পরে মিছিলটি শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয় এবং সেখানে আগামীকাল রবিবার ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আগামীকাল রবিবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের, জনমানুষের আন্দোলন। আন্দোলন বেগবান করতে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে সারাদেশ অচল করে দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত