এবার বেনজীরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়ি জব্দ

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৬:০৭ পিএম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে থাকা প্রায় ২৪ কাঠার ডুপ্লেক্স বাড়িটি দখলে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টের আদেশে আজ শনিবার দুপুরে বাড়িটি জব্দ করে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী জানান, বাড়িটি ক্রোকের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আদালতের আদেশানুসারে বাড়িটিতে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঁটানো হবে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছেন। সে তালিকায় এ বাংলোটিও রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।

জানা গেছে, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশের নানাস্থানে অবৈধ স্থাপনা গড়েছেন। বাদ যায়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ চোরাবো মোড়ের ডুপ্লেক্স বাড়িও। আনন্দ হাউজিং নামীয় পুলিশ কর্মকর্তাদের গড়া আবাসন কোম্পানিতে ২৪ কাঠা জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। যেখানে সাধারণের প্রবেশ রয়েছে নিষেধাজ্ঞা। বেনজীর যেদিন এ বাড়িতে এসে যতক্ষণ অবস্থান করতেন ততক্ষণ বন্ধ রাখা হতো এখানকার রাস্তা। পুলিশের পাহাড়ায় এক আতঙ্কের পরিবেশ তৈরি করতেন তিনি।

স্থানীয়দের বাসিন্দা আব্দুল হামিদ  বলেন, রূপগঞ্জের মুশুরী-ইছাপুরা সড়কের পাশে গুতিয়াবো, মোগলান, দক্ষিণবাগ, জাঙ্গীর মৌজা নিয়ে আনন্দ হাউজিং সোসাইটির অবস্থান। এখানে লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি নজর কাড়ে যে কারও। তবে ভেতরে প্রবেশ করে দেখার সুযোগ মেলেনি কারো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত