ইতালির ভিসেঞ্জা শহরের একটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন বাংলাদেশি তরুণ হিমেল মিয়া। মন্তেক্কিও মাজ্জোরে নামের ওই পৌরসভার নির্বাচনে তিনি দেশটির ক্ষমতাসীন ডানপন্থী জোটের প্রার্থী হয়ে লড়েছিলেন।
এই প্রথম ওই পৌরসভায় ডানপন্থী জোট থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কোনো প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হলেন। মন্তেক্কিও মাজ্জোরে পৌর নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী ও বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০০ জন কাউন্সিলর প্রার্থী বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। হিমেল মিয়া তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
তাছাড়া এই নির্বাচনে ক্ষমতাসীন জোট থেকে ওই পৌর এলাকায় মোট ৬৪ জন কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে অবর্তীণ হন। নিজ দলের প্রার্থীদের মধ্যেও তিনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন।
ইউরোপের দেশটিতে পৌর কাউন্সিলর পদে বিজয়ী হিমেল মিয়ার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে। তার জন্ম ও বেড়ে উঠাও নড়িয়াতে। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ভিসেঞ্জসহ আশপাশের শহরগুলোতে নানা সমস্যায় তিনি বাংলাদেশিদের পাশে থাকেন। তার এই বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জানা গেছে, গত ৭ ও ৮ জুন ইতালির বিভিন্ন কমুনেতে (মিউনিসিপ্যালিটি) মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কোনো মেয়র ৫০ শতাংশ ভোট না পাওয়ায় পুনারায় গত ২৩ ও ২৪ জুন ভোট অনুষ্ঠিত হয়। নানা নাটকীয়তা শেষে হিমেল মিয়া তার প্যানেল থেকে কাউন্সিলর পদে সর্বোচ্চ ভোট পেয়ে তার বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পান।
হিমেল মিয়া বলেন, এই নির্বাচনে তার দলের কর্মী-সমর্থক এবং ইতালিয়ান ভোটারদের পাশাপাশি বাংলাদেশি ভোটাররা তার বিজয়ে বড় ভূমিকা রেখেছেন। বরাবরের মতোই তিনি কাউন্সিলর পদের নির্ধারিত দায়িত্ব পালনের বাইরে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবেন।
