জন্মদিনের অনুষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৫:০১ পিএম

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সময় শনিবার সকালে ওহাইওর সিনসিনাটির দক্ষিণ-পশ্চিমে ফ্লোরেন্সে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, হামলার পরে সন্দেহভাজন হামলাকারীকে একটি প্রাইভেটকারে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শেন মিলার (২০), হেইডেন রাইবিকি (২০), ডেলেনসি ইয়ারি (১৯) ও মেলিসা প্যারেট (৪৪)।

স্থানীয় শহরের পুলিশপ্রধান জেফ ম্যালেরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, শনিবার বাড়ির মালিক প্যারেট তার ছেলের ২১ তম জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছিলেন। তখন সেখানে গোলাগুলির ঘটনা ঘটে।

তিনি জানান, “বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩ টার দিকে ওই বাসভবনে যান এবং বাড়ির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গুলি চালানোর শব্দও শুনতে পান। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।“

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলকারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হামলার পর পুলিশ আসার আগেই একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে গাড়িতে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে, ঠিক কী কারণে হামলা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত