কোটাবিরোধী আন্দোলন: বুধবার সর্বাত্মক কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৯:৪৭ পিএম

আগামী বুধবার সর্বাত্মক কর্মসূচির হুঁশিয়ারি জানিয়ে আজ রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ মোড় ছেড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আগামীকাল মঙ্গলবার সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ এবং বুধবারের কর্মসূচি জানানো হবে। সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এসব জানান।

তিনি বলেন, ‘কালকে রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। বুধবার ৬৪ জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারা দেশের প্রতিনিধি বৈঠক এবং অনলাইনে-অফলাইনে গণসংযোগ করা হবে। মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিং এ আমরা কর্মসূচি ঘোষণা করবো। তবে ছাত্রধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।’

এর আগে, শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে একে একে ফার্মগেট মোড়, কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়, বাংলামোটর, মৎস ভবন মোড়, গুলিস্তান মোড়, চানখারপুল, নীলক্ষেত মোড়, আগারগাঁও মোড় এবং সেকেন্ড গেট ব্লক করেন। হাতে হাত ধরে ব্যারিকেড সৃষ্টি করে এবং রাস্তার ওপর বসে আন্দোলন করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা। ব্লক করা রাস্তাগুলোতে কোনো যানবাহন ঢুকতে বা বের হতে পারছে না।

সন্ধ্যা ৭টা পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভার, ফার্মগেট সংযুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পান্থপথ, মিরপুর রোড়, পুরান ঢাকা, মগবাজারের বিভিন্ন রাস্তায় যানবাহন আটকা পড়ে যায়। অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো পরিবহন চলতে না দেওয়ায় কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা। এতে ভোগান্তিতে পড়েন অফিস শেষে ঘরে ফেরা মানুষ। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত