মুশতাকের সঙ্গে ডিসেম্বরে চুক্তির আশায় বিসিবি

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৩২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে গত এপ্রিলে নিয়োগ দেওয়া হয়েছিল মুশতাক আহমেদকে। বিসিবি জানিয়েছিল টুর্নামেন্ট শেষে চুক্তি নবায়ন করা হবে। আগ্রহী ছিলেন পাকিস্তানের সাবেক এই স্পিনারও। কিন্তু সেটা আর হলো না। বাংলাদেশে না এসে মুশতাক ফিরে গেছেন ইংল্যান্ডে, যুবদলের বোলিং কোচের দায়িত্ব নিয়ে।

ইংল্যান্ডের যুবদলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ‘ক্রিকেট পাকিস্তান’। যে কারণে আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছে বিসিবি। ওই ওয়েব পোর্টালকে মুশতাক বলেন, ‘এই মুহূর্তে আমার সঙ্গে কোনো বোর্ড থেকেই যোগাযোগ করা হয়নি।’

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই তার সঙ্গে কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন (এপ্রিলে) আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুকু পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি।’ যদিও বিসিবি এখনো আশাবাদী, বাংলাদেশ দলের স্পিনারদের অভিভাবক হিসেবে মুশতাককে তারা পাবে। নিজাম উদ্দিন চৌধুরীই পরে বলেছেন, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’

মুশতাকও বিসিবির সঙ্গে চুক্তির ব্যাপারে ইতিবাচক আছেন বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’ মুশতাককে পেলে বিসিবি যদিও তাকে পুরো স্পিন বিভাগেরই দায়িত্ব দেবে, তবে কোচিং স্টাফে সাবেক এই লেগির উপস্থিতি বড় অনুপ্রেরণা হবে রিশাদের জন্যই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত