সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়টি যেহেতু সর্বোচ্চ আদালতে বিচারাধীন তাই এ বিষয়ে আন্দোলন না করাই ভালো বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। তিনি আদালতে বিষয়টির নিষ্পত্তি পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরারও অনুরোধ জানিয়েছেন।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত (হাইকোর্ট) একটি রায় দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেছে। তাই আমি মনে করি, এই মুহূর্তে রায়ের বিরুদ্ধে তাদের (শিক্ষার্থী) তাদের আন্দোলন করা উচিত হবে না।’ তিনি আরও বলেন, ‘আমি বলব যে, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং এটি নিয়ে রাস্তায় নামা উচিত নয়। এ অবস্থায় তাদের ধৈর্য ধরার অনুরোধ করব। আমি জানি না কেন তারা আন্দোলন করছে। আমি মনে করি, আন্দোলন না করাই ভালো।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সরকারের নীতিগত সিদ্ধান্তে (কোটা নিয়ে) আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে, সে বিষয়ে আমরা আমাদের যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেছি।’ এ সময় তিনি জানান, বৃহস্পতিবার কোটা সংক্রান্ত মামলাটি আপিল বিভাগে কার্যতালিকায় উঠতে পারে। বুধবার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে বলে জানান তিনি।
