বিসিএসের প্রশ্নফাঁস

তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল পিএসসি

  • প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পিএসসি
  • অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম

বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। গতকাল সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব আব্দুল আলীম খানকে। কমিটির সদস্য পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।

পিএসসির চেয়ারম্যান বলেন, ‘প্রশ্নফাঁস নিয়ে আমাদের ব্যাখ্যা আমরা দিয়েছি। তারপরও পুরো ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।‘

তিনি আরও জানান, ‘যাঁর বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, সাথে সাথেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেবো না আমরা।

তবে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

গত ১২ বছরে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদ, বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ (মঙ্গলবার) সকালে তাদের আসামি করে রাজধানীর পল্টন থানার মামলা দায়ের হয়েছে।

তবে বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে সন্দেহ জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সোমবার (৮ জুলাই) রাতে পিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত