কলকাতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেকদিন ধরেই তাকে নিয়ে মিডিয়ায় গুঞ্জন ছিল, চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। এর আগে ইন্ডাস্ট্রিতে বহুজনের সঙ্গে নাম জড়ানোর জল্পনাও ছিল অভিনেত্রীকে নিয়ে। পরে সব জল্পনায় পানি ঢেলে তার এক প্রেমিকের প্রতি আসক্ত হওয়ার কথা জানান দিতিপ্রিয়া।
অভিনেত্রীর আগের সম্পর্কগুলো টেকেনি। তাই তো এখন হবু স্বামীকে নিয়ে একটু বেশি সাবধানে থাকেন অভিনেত্রী।
নিজের প্রেমিকের পরিচিতি ফাঁস না করলেও দিতিপ্রিয়া জানিয়েছেন, এই শহরে থাকে না সে। বিনোদন জগতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তাঁদের সম্পর্ক নিয়ে অযথা কাঁটাছেঁড়া হোক চান না অভিনেত্রী, সেই কারণেই প্রেমিকের পরিচয় আপতত গোপন রেখেছেন।
ইতোমধ্যে দিতিপ্রিয়া তার প্রেমিকের এক ঝলক সামাজিক মাধ্যমে এনেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, দিতিপ্রয়া ও তার প্রেমিক রং খেলায় মেতে উঠেছেন। এবার প্রেমিকের টিশার্ট পরে শ্যুটিং স্পটে নিজেকে ধরা দেন অভিনেত্রী। তা সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ওর টি-শার্ট পরলে আমি সবচেয়ে খুশি থাকি…’।
এর আগে দিতিপ্রিয়ার সঙ্গে তার প্রেমিকের জায়গায় অনেকের নাম জড়িয়ে যাওয়ায় আপাতত বর্তমান প্রেমিকের পরিচয় গোপন রেখেছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর মা জানিয়েছিলেন তিনি হবু জামাইকে ঋভু বাবু বলে ডাকেন। কিন্তু কে এই ঋভু বাবু, তার বিস্তারিত পরিচয় এখনও আড়াল রেখেছেন অভিনেত্রী।
জানা যায়, রিভুবাবুর বয়স ২৩, দিতিপ্রিয়ার সবে ২১! তাই বিয়ের নিয়ে এখন কোনও মাথাব্যাথা নেই দুজনের। ক্যারিয়ারই তাঁর একমাত্র ফোকাস। তবে বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানে বিশ্বাস আর আস্থা দুটোই রয়েছে তাঁর। অভিনেত্রী বলছেন, 'অনেকেই বিয়ে নামক এই ইনস্টিটিউশনটায় বিশ্বাস করে না। তবে হ্যাঁ, আমি বিয়েতে ভীষণভাবে বিশ্বাসী। এখনও অনেক দেরি আছে বিয়ে করতে। এই মুহূর্তে আমরা দুজনেই নিজেদের ক্যারিয়ারে ফোকাস করছি'।
অপর এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমাকে যদি বিয়ে করতে হয় কোনওদিন, একেই (রিভু) করব, নাহলে করব না। আশাকরি, আমরা দুজনেই এই বিষয়ে দৃঢ় থাকতে পারব।’
টেলিভিশন সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে রানী চরিত্রে অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন দিতিপ্রিয়া রায়। পরবর্তীতে ওটিটির দৌলতে জনপ্রিয়তা বাড়তে থাকে অভিনেত্রীর। পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। দিনকে দিন বাড়ছে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা। সঙ্গে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।
