বিমান ও পর্যটনমন্ত্রী বললেন

ঢাকা-বেইজিং ফ্লাইট বাণিজ্য সম্প্রসারণে নতুন মাত্রা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৩:১৩ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে। গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার চায়নার ঢাকা-বেইজিং-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, ‘এই সরাসরি ফ্লাইট বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা, উন্নয়ন এবং ক্রমবর্ধমান কানেকটিভিটির নিদর্শন। এই ফ্লাইট চালুর ফলে আমাদের দেশের জনগণ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা সরাসরি বেইজিংয়ে যাতায়াত করতে পারবেন। পর্যটনসহ অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও এর সুফল পাওয়া যাবে।’

ফারুক খান বলেন, যারা উন্নয়ন চায় না তারা কানেকটিভিটি নিয়ে অসত্য বলে। তারা দেশকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। তারা ভুলে যায় কানেকটিভিটি মানেই উন্নয়ন, কানেকটিভিটি মানেই বাণিজ্য। যত বেশি কানেকটিভিটি বাড়বে, এ দেশের জনগণ ও ব্যবসায়ীরা তত বেশি সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, বর্তমানে চীনের কুনমিং ও গুয়াংজুতে সরাসরি ফ্লাইট রয়েছে। আজ (গতকাল) এয়ার চায়নার ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু হলো। আগামী ১৫ জুলাই একই রুটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে। ভবিষ্যতে চীনের আরও নতুন নতুন গন্তব্যে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু হবে। সংযোগ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম, বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়ান, আরভিং গ্রুপের চেয়ারম্যান এইচ ভি এম লুৎফর রহমান, এয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার আন মিং প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত