নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৪:০০ এএম

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ডর্টমুন্ডে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

ম্যাচের সপ্তম মিনিটে জাভি সিমন্সের গোলে এগিয়ে যায় ডাচরা। ১৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

কেইন গোলের উদ্দেশ্যে শট নিতে যাচ্ছে দেখে পা বাড়িয়ে দেন ডামফ্রিস, শট নেওয়ার পরই তার পায়ে লেগে প্রচণ্ড ব্যথা পান ইংলিশ অধিনায়ক। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডাচ ডিফেন্ডারকে দেখান হলুদ কার্ড। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বল দখলে এগিয়ে ছিল ইংলিশরাই।

৭৯ মিনিটে পাল্টা আক্রমণে জালে বল পাঠান বুকায়ো সাকা, কিন্তু অফসাইডের বাঁশি বাজে। ৮১ মিনিটে কেইনের বদলি নামেন ওয়াটকিন্স। ৯০ মিনিটে দারুণ এক গোলে ইংল্যান্ডকে ফাইনালে তুলেন সুপার সাব ওয়াটকিন্স। আরেক বদলি পালমারের পাস থেকে দারুণভাবে কোণাকুণি দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ওয়াটকিন্স।

টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে উঠলো গ্যারেথ সাউটগেটের দল।

আগামী রবিবার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে স্পেনের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত