বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘কাল্কি’র বিজয়রথ। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাড় করিয়েছে এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে ছক্কা হাঁকিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাসরা। দর্শকদের ‘পাখির চোখ’ বর্তমানে সিনেমাটির সিক্যুয়েল। গল্পের চরিত্রদের মোড় কোন দিকে ঘোরে তা নিয়ে কৌতূহলের পারদ বেড়েই চলেছে।
‘কাল্কি’র সুমতী চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা। পারফরম্যান্সের রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়েছেন দর্শকরা। তবে এরমধ্যেই খবর, সিক্যুয়েলে কাস্টিং থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন।
বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রথমটায় দীপিকার সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল। নাগ অশ্বীন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার এমন গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কাল্কি’র সিক্যুয়েল পর্দায় আনতে চাইছেন তারা।
দীপিকাকে ছাড়া কীরকম প্রভাব পড়বে দর্শকদের মনে? সিনেমার সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। এমতাবস্থায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন ‘কাল্কি’ সিক্যুয়েল নির্মাতারা। যদিও খবরে সিলমোহর বসাননি কেউ।
পরিচালক নাগ অশ্বীন জানিয়েছেন, “ইতিমধ্যেই ২৫-৩০ দিন দ্বিতীয় পর্বের শুটিং হয়ে গেছে। তবে এখনও পর্বতপ্রমাণ অংশ বাকি। পুরো নতুনভাবে ঢেলে প্রোডাকশন সাজাতে হচ্ছে।”
সূত্রের খবর অনুযায়ী, ‘কাল্কি’র জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেই অভিনেত্রীকে সিক্যুয়েলে না পেলে যে দর্শকদের মন খারাপ হবেই, তা বলাই বাহুল্য!
‘কাল্কি’র দাপট, ৭ দিনে ৭০০ কোটি পার 