যুক্তরাজ্যে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার হার্টফোর্ডশায়ারের বুশে শহরের নিজ বাড়িতেই হামলার শিকার হন জন হান্ট নামের ওই সাংবাদিকের স্ত্রী ও মেয়েরা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিবিসি বলছে, জন হান্ট বিবিসির রেসিং বিভাগের ধারাভাষ্যকার। ধারাভাষ্যকার হিসেবে ৩০ বছরের বেশি সময় কাজ করছেন তিনি। এ ঘটনায় জন হান্টের পরিবার এবং তার কর্মস্থল বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতের ওই হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১), তার দুই মেয়ে হান্না হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) গুরুতর আহত হন এবং সবাই ঘটনাস্থলেই মারা যান।
