১৪২ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত ভারতকে গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। সম্প্রতি এই বৈশ্বিক সংস্থা বলেছে, আগামী আরও অন্তত ১০০ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড ধরে রাখবে ভারত।
গত বৃহস্পতিবার দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪- নামের এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, ভারতসহ গোটা বিশ্বে আগামী ৫০ থেকে ৬০ বছর জনসংখ্যা বাড়তে থাকবে এবং এই বৃদ্ধি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে ২০৮৪ থেকে ২০৮৬ সালে মধ্যে। সে সময় বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ১০ হাজার কোটি ৩০ লাখে। তারপর ফের কমতে শুরু করবে জনসংখ্যা। ভারত প্রসঙ্গে প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির জনসংখ্যা বৃদ্ধির যে বর্তমান হার, তা বজায় থাকলে ২০২৪ সালের শেষ পর্যায়ে ভারতের জনসংখ্যা পৌঁছাবে ১৪৫ কোটিতে। এই সংখ্যা বাড়তে
থাকবে ২০৬০ সাল পর্যন্ত। ওই বছর জনসংখ্যা পৌঁছাবে ১৭০ কোটিতে। ২১০০ সালে দেশটির জনসংখ্যা কমে হবে ১৫০ কোটির কিছু বেশি। কিন্তু তারপরও শতাব্দীর শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ থাকবে ভারত।
