পাকিস্তানে যাবে না ভারত, খবরটি সত্য নয়

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:১০ পিএম

ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথম বড় কোনো অ্যাসাইনমেন্ট হবে আগামী বছর। সেটা পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি। যে টুর্নামেন্ট দিয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার সাদা বলের ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। কিন্তু গত সপ্তাহে খবর রটেছে, টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে না ভারত।

শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি আইসিসিকে ভেন্যু বদল করতেও বলেছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতের অনুরোধ না রাখলে টুর্নামেন্টে ভারত অংশই নেবে না বলে খবর ছড়িয়ে পড়েছিল। তবে এসব শুধুই গুজব, একটি খবরও সত্য নয় বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

তিনি বলেন, ‘আমরা জানি না কোন সূত্র থেকে এ ধরনের তথ্য দেওয়া হয়েছে। বিসিসিআই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।’

দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যায়নি, যদিও দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৩ সালের গোড়ার দিকে। তারপর থেকে ভারত ও পাকিস্তান কেবল বহুজাতিক টুর্নামেন্টেই কেবল খেলেছে।

এর আগে ২০২৩ সালে, পাকিস্তানের পুরো এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল, তবে ভারতীয় দলকে দেশে পাঠাতে বিসিসিআইয়ের অনিচ্ছা সত্ত্বেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল হাইব্রিড মডেলে আয়োজন করেছিল, যেখানে টুর্নামেন্টের ফাইনালসহ ভারতের সব ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছিল।

২০২৫ সালের মে মাসে শুক্লা স্পষ্টভাবে ভারতীয় অবস্থান জানিয়ে বলেছিলেন যে এটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দল অনুমতি পাবে কিনা তার উপর নির্ভর করে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারত সরকার আমাদের যা বলবে আমরা তাই করব। ভারত সরকার অনুমতি দিলে তবেই আমরা দল পাঠাই। তাই আমরা ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলব।’

তবে ভারত সরে গেলে বদলি দল হিসেবে নাম লেখানো হবে শ্রীলঙ্কাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিল গ্রুপ পর্বে নবম স্থানে থেকে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় সাবেক চ্যাম্পিয়নরা। এবারই প্রথম শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত