বরিশালে ‘হাইড্রোলিক হর্ন’ বন্ধে আইন বাস্তবায়নের আহ্বান

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০২:০৮ এএম

বরিশালে গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহারের কারণে শব্দদূষণ এবং নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে নাগরিক সচেতনতা তৈরিতে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে হাইড্রোলিক হর্নের নেতিবাচক প্রভাব সম্পর্কে তথ্যমূলক লিফলেট বিতরণ করেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে র‌্যালিটি নগরীর ‘ইউরো কনভেনশন সেন্টার’ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন বরিশাল বিএনপি জেলা সদস্য সচিব (দক্ষিণ) আবুল কালাম শাহীন, বরিশাল আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক একেএম মুরতজা আবেদীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক জিয়াউর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা। এ সময় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম মোস্তফা, সদস্য হাফিজ আহমেদ বাবলুসহ বিভিন্ন সংগঠনের ইয়ুথ, ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তারা যোগ দেন এই কর্মসূচিতে।

র‌্যালি-পরবর্তী আলোচনায় বক্তারা হাইড্রোলিক হর্নের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনায় হয়। হাইড্রোলিক হর্নের স্বাস্থ্যগত ঝুঁকি বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বেলাল হোসেন বলেন, অতিমাত্রার শব্দের কারণে মানসিক ও শারীরিক সমস্যাও হতে পারে। পাশাপাশি শব্দদূষণের কারণে মানুষ বধিরতায় আক্রান্ত হবেন। এ ছাড়া ক্ষুধামন্দা, রক্তচাপ বেড়ে যাওয়া, কাজে মনোযোগী হতে না পারা, কানের মধ্যে ভোঁ ভোঁ করাসহ হৃদরোগের সমস্যাও হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত