অটোরিকশার জন্য রাস্তা নির্ধারণ করা হচ্ছে : ডিএমপি

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:০৪ এএম

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ধীরগতির যানবাহন চলাচলের জন্য সড়ক নির্ধারণ করে দেওয়ার কাজ চলছে। প্রধান সড়কগুলোতে এসব যানবাহন যেন না চলাচল করতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, ‘প্রধান রাস্তায় তাদের চলাচলের কোনো ধরনের অনুমতি নেই। ব্যাটারিচালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্ধারণের কাজ চলছে।’

গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা-সংক্রান্ত ট্রাফিক বিভাগের মিডিয়া ব্রিফিংয়ে এসব জানানো হয়। মেহেদী হাসান বলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এ সপ্তাহে তিনটি পরীক্ষা আছে, কাল (রবিবার) একটি, ১৬ তারিখে একটি এবং ১৭ তারিখে আরেকটি। পাশাপাশি আগামীকাল (আজ) সপ্তাহের প্রথম কর্মদিবস। প্রথম কর্মদিবসে মানুষের সড়কে চলাচল বৃদ্ধি পায়, এটিও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এ ছাড়া ১৫ তারিখ সোমবার উল্টো রথযাত্রা আছে। এদিন  সারা শহরে সনাতন ধর্মাবলম্বীদের গমনাগমন বৃদ্ধি পাবে। পাশাপাশি ১৭ তারিখে মুসলমান ধর্মাবলম্বীদের আশুরার তাজিয়া মিছিল আছে। এ সময়টাতে যানজট বৃদ্ধির সম্ভাবনা আছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহে চ্যালেঞ্জগুলো সামনে রেখে প্রত্যেকটি বিভাগের উপকমিশনার তাদের মতো করে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা সেটির ব্যাপারে সবাই পরিকল্পনা অনুযায়ী কাজ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত