মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে নতুন আহ্বায়ক-সদস্য সচিব

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:০৪ এএম

কমিটি ঘোষণার ছয় দিনের মাথায় গতকাল শনিবার প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে গেলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। সেখানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

নতুন কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে গিয়ে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, তাতে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগরীতে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী।’

গত ৭ জুলাই কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়। দুই সপ্তাহের মধ্যে তাদের ৫১ সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর মধ্য দিয়ে টানা আট বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপিতে ডা. শাহাদাত হোসেন-আবুল হাশেম বক্কর জুটির নেতৃত্বের অবসান হয়।

দলীয় সূত্র জানায়, মহানগর বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল বাদ আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদে দোয়া মাহফিল হয়। পরে সেখান থেকে আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাজীর দেউড়ি হয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত