কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয়। সুতরাং আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে সবাই বাধ্য। পুলিশ যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেটি শ্রদ্ধা রেখে হবে।
তিনি বলেন, কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান যেই হোক তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।
আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও ইমামবাড়া ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি। ডগ স্কোয়াড দিয়ে চেকিং, সুইপিং করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে আগতদের আর্চওয়ে মেশিন দিয়ে চেকিং করা হবে। ইমামবাড়ার আশেপাশের ভবন থেকে নজরদারি করা হবে। তাজিয়া মিছিলের আগে ও পেছনে পুলিশ থাকবে৷ পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে।
মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আমাদের অনুরোধ কেউ কোনো ছুরি, চাকু বা দাহ্য পদার্থ নিয়ে মিছিলে প্রবেশ করা যাবে না। পতাকা বহনের সময়ে সতর্ক থাকতে হবে যেন বিদ্যুতের তারের সঙ্গে লেগে না যায়। সমন্বয় মিটিং করে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে আশেপাশে তল্লাশি চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছে।
তাজিয়া মিছিল কেন্দ্র করে জঙ্গি হামলার ঘটনার পূর্বের ঘটনা ছিলো উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।
