চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়ছে হলে হলে। বীজয় ৭১ হল, সূর্য সেন হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের পরে এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে শহীদুল্লাহ্ হল আশপাশের এলাকা। গুলি-ককটেলে রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকা। ছাত্রলীগের অবস্থান থেকে অন্তত ৮টি ককটেল ও চার রাউন্ড গুলি করতে দেখা গেছে।
সোমবার (১৫ জুলাই) আনুমানিক বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষ এখনো চলছে৷ হলের ভেতরে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে কোটা সংস্কারপন্থীরা এবং দোয়েলচত্বর থেকে চানখারপুল পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখাসহ মহানগর ও ঢাকা জেলা ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকরা। এই সড়ক থেকে শহীদুল্লাহ্ হলের মূল ফটকের দিকে ইট-পাটকেট নিক্ষেপ করছে উভয়পক্ষই।
সংঘর্ষের আগে এই জায়গায় অবস্থান করছলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আপনারা দেখেন এখানে কারা কী করছে। কারা এসবের সঙ্গে জড়িত।
ঢাবি জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ বলেন, আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলে আসার জন্য বিজয় ৭১ হলের ছাত্রলীগের কর্মীদের কোটা সংস্কারপন্থীরা নির্মমভাবে নির্যাতন করে দুপুরে। তারপর ওরা (কোটা সংস্কারপন্থীরা শহিদুল্লাহ হলে ছাত্র দল ও শিবিরকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের ভাই-বন্ধুদের প্রতিটি রুমে রুমে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা সেটা প্রতিহত করতে এসেছি।
