ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম

শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ করছি। এ বক্তব্য তুলে নিয়ে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘গতকাল (১৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান কোটা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে চরম অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এতে তিনি সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল চলাকালে ছাত্রলীগের হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তা না হলে ছাত্রসমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এদিকে অবস্থান কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে শাবি শাখা ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে এ অভিযোগও করেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত