নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে পি শর্মা অলি

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:৪৪ এএম

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খড়গা প্রসাদ শর্মা অলি। স্থানীয় সময় গতকাল সোমবার তিনি শপথ নেন। এর আগে গত রবিবার দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। এ নিয়ে চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা অলি।

৭২ বছর বয়সী কে পি শর্মা দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান। এবার তার দল মধ্য-বামপন্থি নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছে। ২০১৫ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন কে পি শর্মা। তিনি ২০১৮ সালে পুনর্নির্বাচিত হন। এ ছাড়া ২০২১ সালে দেশটির পার্লামেন্টে অস্থিরতা বিরাজ করলে তাকে স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

তার পূর্বসূরি এবং প্রাক্তন জোট সরকারের মিত্র পুষ্প কমল দাহাল গত শুক্রবার আস্থা ভোটে হেরে গেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৮ মাস পরেই তাকে এই পদ থেকে সরে দাঁড়াতে হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত