অবসর না নেওয়ার অনুরোধ স্কালোনির, যে জবাব দিলেন ডি মারিয়া

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:২৮ পিএম

কোপা আমেরিকার ফাইনাল জিতে ড্রেসিংরুমে যখন উৎসব করছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। তখন আনহেল ডি মারিয়াকে একটা অনুরোধ করেন কোচ লিওনেল স্কালোনি। বলেন, এখনই অবসর না নিলে কী নয়, আর কিছুদিন কি খেলা যায় না! এর উত্তরে আর্জেন্টাইন উইঙ্গার কী বলেছেন, সেটা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

ডি মারিয়া আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে স্কালোনির সঙ্গে কথোপকথনের পুরোটাই তুলে ধরেছেন। তিনি সেই কথোপকথনের বর্ণনা দিয়েছেন এভাবে, ‘স্কালোনি আমাকে বলল আরেকটা? মানুষের জন্য, কুর্নিশ নেওয়ার জন্য।’

এর উত্তরে ডি মারিয়া বলেছিলেন, ‘আমি তাকে তখনই বললাম, আমি মারাকানায় ব্রাজিলকে হারিয়েছি, আমি সবকিছু জিতেছি। এখানে দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছি। আমি মনে করি, শেষ করার এটাই সেরা উপায়।’

ডি মারিয়া বলে চলেন, ‘আমি তাকে বলেছি যে আমি আসতে পারি, কিন্তু খেলার জন্য নয়। আজ যা হয়েছে, এটা একদম ঠিক আছে। শেষ মুহূর্তে গোল, আমি মাঠ থেকে উঠে আসার সময় সমর্থকদের কাছ থেকে সম্মান পাওয়া। মনে রাখার মতো এক রাত।’

ডি মারিয়ার এমন কথার মানে একটাই—তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা থেকে আর সরে আসবেন না। এবারের কোপা আমেরিকাই আন্তর্জাতিক ফুটবলে তার শেষ, এই ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন তিনি। কোপা আমেরিকার ফাইনাল জিতে তার ক্যারিয়ারের শেষটা হলো রাঙানো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত