বহিরাগতদের ক্যাম্পাস ছাড়তে ঢাবি প্রশাসনের মাইকিং, শোনেননি কেউ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিরাগতদের সরিয়ে দিয়ে মাইকিং করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। তবে তাদের মাইকিং এ কর্ণপাত করেননি ছাত্রলীগের সমাবেশে আসা নেতাকর্মীরা। এ সময় প্রক্টরিয়াল টিম কয়েকজনের হাত থেকে ৫/৬টি লাঠি, স্ট্যাম্প ও রড সংগ্রহ করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই অবস্থা দেখা যায়। এ সময় তারা বহিরাগতদের সরতে বললেও তাদের সামনে দিয়েই স্ট্যাম্প, রড নিয়ে পাশ কাটাতে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের।

সরেজমিন মাইকিং এ প্রক্টরিয়াল টিমের সদস্যরা, ক্যাম্পাসে বহিরাগত কেউ অবস্থান করবেন না, লাঠি, রড নিয়ে কেউ অবস্থান করবেন না, সবাইকে চলে যাওয়ার অনুরোধ করা যাচ্ছে বলতে দেখা যায়। এ সময় টিমের কথায় কর্ণপাত করেনি একজনও। বরং তাদের সামনে দিয়েই রড স্টাম্প নিয়ে চলতে দেখা যায় অনেককেই। তারা সবাই বহিরাগত ও অছাত্র বলেও নিশ্চিত হওয়া যায়। এ সময় তারা কয়েকজনের হাত থেকে কয়েকটি স্টাম্প ও রড নিয়ে নিলেও কাউকেই তারা সরাতে পারেননি।

এর আগে, বেলা ১২টা থেকে ঢাকার দুই মহানগর, থানা, উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। একই সাথে রয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। অবস্থানরত নেতাকর্মীদের হাতে রড, স্ট্যাম্প, লাঠি ও পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র লক্ষ্য করা গেছে। ছাত্রলীগের ঘোষিত প্রতিবাদ কর্মসূচি রাজু ভাস্কর্যে দেড়টায় শুরু হওয়ার কথা ছিল তবে বেলা পৌনে ৪টায় তা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত