ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না নুরুলের

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

রাজশাহীতে নুরুল ইসলাম নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) ফজর নামাজের পড়ে বাড়ি ফেরার পথে নুরুলের শরীরের বিভিন্ন স্থানে কোপায় ও পা কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জেলার পবা উপজেলার দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার। নিহত নুরুল ইসলাম (৩২) মুরারীপুর এলাকার পাতান আলীর ছেলে। 

পুলিশ সূত্র জানায়, নুরুল ইসলাম রিকশা চালান। ফজরের নামাজ পড়ে তিনি পাশের মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। একা পেয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা জানান, এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত নুরুল ইসলাম। কারো সঙ্গে তার শত্রুতা নেই। কী কারণে তাকে হত্যা করা হলো তা কারো বোধগম্য নয়। এসময় নুরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান তারা।  

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার বলেন, এ ঘটনায় নিহতের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত