সিটি কলেজ এলাকায় সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:১৩ পিএম

রাজধানীর সিটি কলেজ এলাকায় সংঘর্ষে নিহত একজনের পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম শাহজাহান (২৪)। নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে পাপোশ বিক্রি করতেন তিনি।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগ মর্গে শাহজাহানের লাশ সনাক্ত করেন তার মা আয়শা বেগম।

জরুরি বিভাগের মর্গের সামনে আহাজারিতে ফেটে পড়েন তিনি। বিলাপ করে বলেন, আমার বাপটারে ক্যান মারল? আমার কলিজাটটরে কারা মারল? কি দোষ করছিল আমার কলিজাটারে। আমার পুলাটারে আমি খুব আদর করতাম, পড়ালেখার জন্য কত মারতাম। আইজ কারা একেবারে মাইরা ফেলল?

নিহতের খালু মোসলেম জানান, ৩ ভাই ১ বোনের মধ্যে ৩য় শাহজাহান। ফাতেহাসহ পরিবার নিয়ে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় থাকে। দেড় বছর আগে বিয়ে করেন তিনি। সকাল ১০টায় বাসা থেকে বের হয়েছিলেন নিউমার্কেট এলাকার ফুটপাতে তার দোকানের উদ্যেশ্যে। সন্ধ্যায় পপুলার হাসপাতাল থেকে ফোন করে তাদের জানানো হয়, আহত হয়েছে শাহজাহান। তাকে পপুলার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরবর্তিতে তারা ঢাকা মেডিকেলে গিয়ে তার লাশ দেখতে পান। বুধবার শাহজাহানের মরদেহের ময়নাতদন্ত হবার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত