শিক্ষার্থীদের ওপর হামলায় কর্নেল অলির নিন্দা, কাল গায়েবানা জানাযা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:২৬ পিএম

কোটাবিরোধী আন্দোলনে সারা দেশে ৬ জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সারা বাংলাদেশ আজ রক্তাক্ত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত সারা দেশে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সারা দেশেই আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এইসব নির্মম হত্যাকাণ্ডসহ সারা দেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলিতে নিহত এবং অসংখ্য শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো বলেন, ১৫ বছরে অবৈধ আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা কোটায় ছাত্র লীগকে চাকরিতে নিয়োগ দিয়েছে। অতএব শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। অনতিবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

এদিকে আগামীকাল দুপুর ১২টায় মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাযার ঘোষণা দেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত